বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। ২০২৩ সালের হিসাবে বাংলাদেশে গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।
গত শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি এ তথ্য প্রকাশ করে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু আরও বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর। ডব্লিউএইচও বলছে, গড় আয়ু বেশি হওয়া মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন, এমনটা নয়। মোট আয়ুর তুলনায় সুস্থ অবস্থায় বেঁচে থাকার সময় কম হতে পারে।
করোনা মহামারির ধাক্কায় বিশ্বজুড়ে গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। ২০২১ সালে তা কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে যায়। তবে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু আবার ৭৩ দশমিক ৩ বছরে ফিরে আসে।
ডব্লিউএইচওর তথ্য বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। এখন চ্যালেঞ্জ হলো মানুষ যাতে দীর্ঘ জীবনের পাশাপাশি সুস্থ জীবনও পায়।


মন্তব্য করুন