গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফকির মার্কেট এলাকার আটতলা কারখানা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মধ্যাহ্নভোজের বিরতি শেষে কারখানায় কাজ শুরু হওয়ার সময় হঠাৎ আগুন দেখতে পান কর্মীরা। পরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে কারখানার লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
কারখানার নিরাপত্তাকর্মী ও ফায়ার সেফটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে চৌরাস্তা মডার্ন স্টেশন, কোনাবাড়ী ফায়ার স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


মন্তব্য করুন