নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাবু ওরফে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবু ও আহত রুবেল একই এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত মিরাজ জাকির হোসেনের ছেলে। বাবু এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, চৌয়ালা এলাকায় হেলাল ও আবু লাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে দুই পক্ষের বিরোধের জেরে শফিকুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার সময় বাবুসহ কয়েকজন সঙ্গে ছিলেন। এরই জেরে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি হামলায় বাবু গুলিবিদ্ধ হন। মিরাজ ও রুবেলও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মিরাজকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাই রুবেল অভিযোগ করেন, আবু লাল ২০ থেকে ২৫ জনকে নিয়ে এসে তার ভাইকে গুলি করে হত্যা করেছে। ভাইকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রুবেল।
অন্যদিকে আহত মিরাজ হাসপাতালে বলেন, তিনি বন্ধুদের সঙ্গে এলাকায় ঘুরছিলেন। এ সময় বাবু এসে তার হাতে কোপ দেন। পরে তিনি আহত হয়ে হাসপাতালে আসেন। বাবুর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না বলেও দাবি করেন তিনি।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম জানান, তিনজনকে হাসপাতালে আনা হলে বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বুকে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। মিরাজের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মিরাজকে পুলিশ হেফাজতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন