ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ: সংকট পেরিয়ে সম্ভাবনার মেলা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ: সংকট পেরিয়ে সম্ভাবনার মেলা

এক সপ্তাহ ধরে আইচি-নাগোয়ার মাঠ, হোটেল, কনটেইনার আবাসন, বন্দরে নোঙর করা ক্রুজ শিপ, অনুশীলন কেন্দ্র ও পরিবহনকেন্দ্র ঘুরে মনে হয়েছে—এটি শুধু একটি ক্রীড়া আসরের গল্প নয়। কোথাও আবাসন নিয়ে অসন্তোষ, কোথাও ছোট কেবিনে অ্যাথলেটদের থাকার সংকট, কোথাও অনুশীলন শেষে গাড়ির অপেক্ষা, আবার কোথাও বৃষ্টির শঙ্কা। এর মধ্যেই মাঠে ছুটছেন ক্রীড়াবিদরা, চলছে অনুশীলন, দেশের পতাকা বুকে জড়িয়ে অপেক্ষা করছেন নিজেদের মুহূর্তের।

আইচি-নাগোয়া যেন গত এক সপ্তাহে দুই রূপ দেখিয়েছে। একদিকে আয়োজনের নানা সীমাবদ্ধতা, অন্যদিকে এশিয়ার সেরা হওয়ার লড়াই। ব্যবস্থাপনায় নানা সমস্যা থাকলেও থেমে থাকেনি খেলা। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ২০তম এশিয়ান গেমসের।

৩২ বছর পর জাপানের মাটিতে ফিরেছে এশিয়ান গেমস। ১৯৯৪ সালে হিরোশিমার পর এবার আয়োজক আইচি-নাগোয়া। তবে উদ্বোধনের আগেই আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

প্রচলিত অ্যাথলেটস ভিলেজ এবার নেই। খরচ কমানো ও পরিবেশবান্ধব আয়োজনের যুক্তিতে কনটেইনার কেবিন, হোটেল ও ক্রুজ শিপে ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২ হাজার অ্যাথলেট থাকছেন অস্থায়ী কনটেইনার কেবিনে। আরও প্রায় ৪ হাজারের থাকার ব্যবস্থা করা হয়েছে ইতালিয়ান প্রমোদতরী ‘কোস্টা সেরেনায়’।

তবে কনটেইনার আবাসন নিয়ে অভিযোগ উঠেছে। কোথাও কক্ষের আকার, কোথাও বিছানার দৈর্ঘ্য, আবার কোথাও পানি চুইয়ে পড়ার অভিযোগ এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও অসন্তোষ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির এক বাস্কেটবল খেলোয়াড় কক্ষে পানি পড়ার ভিডিও প্রকাশ করেন।

আয়োজকদের দাবি, সাবেক অলিম্পিয়ানদের একটি কমিটি কনটেইনারগুলো পরিদর্শন করে ব্যবহারের উপযোগী হিসেবে অনুমোদন দিয়েছে। কিন্তু বাস্তবে অ্যাথলেটদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

আবাসনের পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনাও ভুগিয়েছে বিভিন্ন দলকে। বাংলাদেশ শিবিরে অনুশীলন ও ম্যাচের যাতায়াত নিয়ে একাধিকবার সমস্যা হয়েছে। আগেই গাড়ি চাওয়া হলেও নির্ধারিত সময়ে তা না পাওয়া, চালকের দায়িত্ব শেষ হয়ে যাওয়া কিংবা তথ্যের সমন্বয় না থাকার মতো ঘটনা ঘটেছে। ভাষাগত জটিলতাও সমস্যা বাড়িয়েছে।

শেফ দ্য মিশনের বৈঠকে বাংলাদেশ পরিবহন সমস্যার বিষয়টি তুলেছে। আয়োজকদের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো কোনো ক্ষেত্রে সমস্যা মেটাতে অতিরিক্ত সময় লেগেছে।

শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দলও ব্যবস্থাপনার সমস্যায় পড়েছে। চীনের জিমন্যাস্টিকস দল বিমানবন্দরে কম্পিউটার-সংক্রান্ত জটিলতায় আটকে ছিল। দক্ষিণ কোরিয়া ও কাতারের ফুটবল দলকে ভুল করে বেসবল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির চ্যালেঞ্জ। ভারী বৃষ্টির কারণে কিছু অ্যাথলেটকে সরিয়ে নিতে হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ঝড়ের শঙ্কাও নজরে রেখেছে আয়োজকরা। প্রয়োজনে ক্রুজ শিপে থাকা অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

তবে এসবের মধ্যেও বদলে গেছে নাগোয়ার চেহারা। ভেন্যু ও অনুশীলন কেন্দ্রের আশপাশে এখন এশিয়ান গেমসের পতাকা। বিভিন্ন দেশের পতাকায় সেজেছে শহর। বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্বেচ্ছাসেবকদের ব্যস্ততাও বেড়েছে।

৪৫ দেশের ক্রীড়াবিদদের নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর। আয়োজনের নানা সীমাবদ্ধতা পেরিয়ে এখন সবার নজর মাঠের লড়াইয়ে। উদ্বোধনের পর বাড়বে প্রতিযোগিতার গতি, আর ক্রীড়াবিদদের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে নাগোয়া এশিয়ান গেমসের আসল গল্প।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa