রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর ঘিরে নগরীতে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশন মাজার এলাকা ও নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রস্তুতি জোরদার করেছে। রোববার হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। মাজার জিয়ারতসহ সফরের পুরো সময়ে রাষ্ট্রপতি যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার অনুষ্ঠিত সমন্বয় সভায় রাষ্ট্রপতির নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
সভায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
