বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তাঁর দাবি, দলটি মুখে গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করেছে।

শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান বিভিন্ন সমস্যার অন্যতম কারণ হিসেবে তিনি কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভাবের কথা উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরাসরি কোনো চাপ নেই; তবে অনেক সাংবাদিক স্বেচ্ছায় আত্মনিয়ন্ত্রণ (সেলফ সেন্সরশিপ) অনুসরণ করছেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে টেকসই করতে সবাইকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। তিনি অভিযোগ করেন, রাজপথে সরকারকে হুমকি দিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জুলাই সনদ, গণভোটসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি-দাওয়া সংসদে উত্থাপন করাই গণতান্ত্রিক পন্থা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলাও গণতান্ত্রিক আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।