
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ জারি করা হয়।
এর আগে, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও যুবদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ছাত্রদল জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। একইভাবে জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় যুবদল।
একই দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
