শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই অপরাধে একজন ব্যক্তির দুই আইনে বিচার হতে পারে না। এ কারণে মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে।

তিনি জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্য আসামিদের সামরিক আদালতে বিচার হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল। তবে মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সম্প্রতি গ্রেপ্তারের পর তাকে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগের দণ্ডিত আসামিদের মামলার রায়ে মোজাফফর হোসেনের বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনায় নেবে।

তিনি বলেন, সেনা আইনের অধীনেই তার বিচার সম্পন্ন হবে। একই ঘটনায় বেসামরিক আদালতে নতুন করে বিচারিক প্রক্রিয়া চালানোর বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে।