

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে চীনের সঙ্গে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশের তিস্তা প্রকল্প, সামরিক সহযোগিতা এবং চীনের চারটি বৈশ্বিক উদ্যোগে যোগ দেওয়ার বিষয়টি আলোচনায় থাকার কথাও বলেছেন তিনি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার প্রধানের মালয়েশিয়া ও চীন সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র সচিব।
চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ থেকে ১৭টা দলিল চীনের সঙ্গে স্বাক্ষর হবে বলে আশা করছেন তারা। এর মধ্যে ১৩টি এমওইউ, দুইটি চুক্তি, একটি ‘অ্যাকশন প্ল্যান’ এবং আরেকটি প্রটোকল।
পররাষ্ট্র সচিব বলেন, ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। ২২ জুন চীনের দালিয়ানে গিয়ে পরের দুদিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে গিয়ে বিভিন্ন আয়োজনে যোগ দেবেন তিনি।
২৪ থেকে ২৬ জুন বেইজিং সফর করবেন তারেক রহমান। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং শেষদিন চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
যমুনা-ব্রহ্মপুত্রের উজানে চীনা বাঁধ নির্মাণের প্রসঙ্গে ধরে পদ্মা বহুমুখী প্রকল্প ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার বিষয়ে করা প্রশ্নে পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, “সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ‘ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট’ একটা আলোচনার বিষয় এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত।
“সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তার বিস্তারিত আলোচনা হবে বলেই আমি ধারণা করি। আমরা তুলব, তিস্তা প্রসঙ্গ তুলব। সেক্ষেত্রে অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ‘ওয়াটার ম্যানেজমেন্টের’ ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে।”
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশ সরকারের তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়নের প্রস্তাব প্রসঙ্গে আরেক প্রশ্নে তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। একটা ‘স্টাডি’ হয়েছে, আমরা সেই বেশ কিছু আগে, সেই ‘ফিজিবিলিটি স্টাডি’টা আমরা ‘রিভিজিট’ করেছি।
“কিন্তু ‘রিভিজিট’ করার পর, আবার যেটা বললাম ‘রিজার্ভার, ড্যামেজ সাইজ’-এগুলো আসলে তারপর সমস্ত আলোচনা হবে। সুতরাং এই পর্যায়ে আমরা সেই ‘স্টেজে’ নাই।”
চীনা প্রেডিডেন্ট শি জিনপিংয়ের যে চারটি বৈশ্বিক উদ্যোগ, সেগুলোকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ সেগুলোতে যোগদানের বিষয়টি ‘বিবেচনা’ করছে, বলেছেন পররাষ্ট্র সচিব।
সেই চারটি উদ্যোগ হচ্ছে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)।
এই চার উদ্যোগের কোনোটিতে বাংলাদেশ এই সফরে যুক্ত হচ্ছে কি-না, এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চারটি বৈশ্বিক উদ্যোগ আছে। সে চারটি উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি ‘কনসিডার’ করছি।
“আমরা সফরের পরে বলতে পারব যে, কয়টি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে, আমরা এ কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল, চারটি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্ব নিয়ে নতুন চিন্তাভাবনা করছেন, সেটাকে আমরা মনে করি প্রশংসনীয় উদ্যোগ।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
‘গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে’ যোগ দিচ্ছি কি-না, পৃথক আরেক প্রশ্নে সচিব সিয়াম বলেন, “আমরা সবগুলো উদ্যোগকে বিবেচনা করছি এবং সাধুবাদ জানাচ্ছি। আমরা অংশগ্রহণ করছি কি করছি না, সেটা সফরের পর বলা যাবে। এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।”
সামরিক কেনাকাটার বিষয়ে সফরে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, সামরিক কেনাকাটার বিষয়ে আলোচনা কর্মকর্তা পর্যায়ে হয়ে থাকে।
“সামরিক ক্ষেত্রে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং দ্বিপক্ষীয় একটা সম্পর্ক রয়েছে। ক্রয়-বিক্রয় করব কিনা, ‘লিডারশিপ’ পর্যায়ে ওগুলো আসলে যে আলোচনা হয় (তা না), সেগুলো ‘অপারেটিভ লেভেলে’ হয়। নিশ্চয়ই আমরা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা যেটা আছে, সেটা নিয়ে আলোচনা করব।”
বিভিন্ন প্রকল্পের কী অর্থায়নের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে অর্থায়নের পরিমাণ ও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয় না। সেগুলো মন্ত্রী বা সচিব পর্যায়ের আলোচনায় হয়।
“কী ধরনের আলোচনা হয়, আলোচনাটা হয় যে আপনারা এটা অর্থায়ন করতে রাজি আছেন? তারা হয়ত বলে আছি। তারপর এটা ‘অপারেটিভ লেভেল’ আলোচনা হয়। সুতরাং ‘স্পেসিফিক অ্যামাউন্ট’ জানতে চাওয়া…এটা আরও ‘ওয়ার্কিং লেভেলে’, সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে, ঠিক নেতৃবৃন্দ পর্যায়ে হয় না।”


