ঢাকা
২১ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

নেইমার কি আর্জেন্টাইন ক্লাবে যাচ্ছেন?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   ৮৯ বার পঠিত
নেইমার কি আর্জেন্টাইন ক্লাবে যাচ্ছেন?

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস সফর ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে তার সম্ভাব্য যোগদানের গুঞ্জন নতুন করে জোরালো হলেও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে এখনই গুরুত্ব দিতে নারাজ।

সম্প্রতি আর্জেন্টিনায় একটি আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে সান্তোসের সঙ্গে সফরে যান নেইমার। সেই সফরের ফাঁকে তিনি বোকা জুনিয়র্সের প্রশিক্ষণ কেন্দ্র কাসা আমারিলা পরিদর্শন করেন, যা লা বোম্বোনেরা স্টেডিয়ামের কাছেই অবস্থিত।

সেখানে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান রোমান রিকেলমে তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান এবং একটি নাম লেখা জার্সি উপহার দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফুটবল মহলে নেইমারের বোকায় সম্ভাব্য ট্রান্সফার নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে বোকা জুনিয়র্সের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি ছিল একটি সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সফর, এর বাইরে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা দলবদল সংক্রান্ত বৈঠক হয়নি। ক্লাবের কর্মকর্তারা গুঞ্জনকে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দিলেও ভক্তদের মধ্যে উত্তেজনা থামছে না।

নেইমারের বোকা জুনিয়র্সে যেতে পারেন— এমন ধারণা আরও উসকে দিচ্ছে তার বর্তমান ক্লাব সান্তোসের অনিশ্চিত পরিস্থিতি। চুক্তি থাকা সত্ত্বেও ক্লাবটির আর্থিক জটিলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা এই ব্রাজিলিয়ান তারকার বিকল্প ভাবনাকে আরও শক্তিশালী করছে বলে মনে করা হচ্ছে।

যদিও তার চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত, তবে ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নানা গুঞ্জন চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নেইমার নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজছেন। সে ক্ষেত্রে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা আবেগ ও প্রচারের দিক থেকে বড় ঘটনা হতে পারে।

তবে ব্রাজিলের বিভিন্ন সূত্র বলছে, তার পরবর্তী গন্তব্য ইউরোপের বাইরে মেজর লিগ সকারের দিকেই বেশি ঝুঁকতে পারে।

অন্যদিকে বোকা জুনিয়র্সের সঙ্গে নেইমারের আগে থেকেই কিছু তারকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা এই গুঞ্জনকে আরও বাস্তব রূপ দিয়েছে বলে অনেকে মনে করছেন। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দলবদলের বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

বর্তমানে নেইমার সান্তোসের হয়ে মৌসুমে সীমিত ম্যাচ খেলেছেন এবং ফিটনেস নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। তার মূল লক্ষ্য ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া। তবে ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় বোকা জুনিয়র্সে তার সম্ভাব্য যাত্রা নিয়ে আলোচনা আপাতত থামছে না বরং আরও বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us