নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটিতে থাকা আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী। আহতরাও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান, শনিবার সকালে গৃহনির্মাণ শ্রমিকরা ভটভটিতে করে হরিশপুর থেকে রাণীনগরের দিকে যাচ্ছিলেন। পথে কুনৌজ বাজারের অদূরে পৌঁছালে হঠাৎ ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে জামিনা বেগমের মৃত্যু হয়।
রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেন জানান, ভটভটি দুর্ঘটনায় আহত মোট ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জামিনা বেগমসহ ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে পথে জামিনার মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন— হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২), তারেক রহমান (২৮), জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০), আব্দুল লতিফ (২৮), পলাশ হোসেন (৩০) ও সজল হোসেন (৩০)। এদের মধ্যে পলাশ ও সজল রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৫ জনকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জামিনা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com