ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল ভবনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারটি বিভাগের ৩৩০টি আসনের বিপরীতে আবেদন করেন ২ হাজার ৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন, যা মোট উপস্থিতির হার ৯২.৫০ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিভিন্ন পরীক্ষা-কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন।
সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন তাদের স্টলের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করে।
উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছরই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে এ ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।
Development by: webnewsdesign.com