রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এ পোস্টার প্রেজেন্টেশনে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। দেশের ১৯টি নামী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
গত ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় এই জাতীয় সম্মেলন। ১৭ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিক-এর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে স্বাগতিক রাবিপ্রবি’র শিক্ষার্থী তৌফিক হাসান ও জিসান আহমেদ। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
শিক্ষার্থীদের এই সাফল্যের পাশাপাশি সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনেও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির বলিষ্ঠ উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্মেলনের প্রথম দিন মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম টেকসই পর্যটন বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। দ্বিতীয় দিনে তিনি একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশনে ‘সেশন চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেন।
“Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore” প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।
দুই দিনব্যাপী এই আয়োজনে টেকসই পর্যটন, ব্লু ইকোনমি, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিগ ডাটার ব্যবহার এবং কমিউনিটি ট্যুরিজম নিয়ে গবেষণাধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বিউপি, নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
