রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–টু-এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুশান্ত চন্দ্র রায়।তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ছয়জনের মধ্যে কোতয়ালী থানা এলাকা থেকে একজন, বদরগঞ্জ থানা এলাকা থেকে একজন, গঙ্গাচড়া মডেল থানা এলাকা থেকে একজন,পীরগাছা থানা এলাকা থেকে একজন,মিঠাপুকুর থানা এলাকা থেকে একজন এবং পীরগঞ্জ থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।অভিযানে অংশ নেয় জেলা পুলিশের একাধিক টিম।

গ্রেফতারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও জানান,অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–টু অভিযানের আওতায় জেলা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। যারা নাশকতা,সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তাদের মতে,সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সহিংস ঘটনার কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানে অপরাধীদের গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।

রংপুর জেলা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের যেকোনো ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।জেলার কোথাও কেউ গোপনে সংগঠিত হয়ে সহিংস কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়,অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–টু অভিযান চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।