আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরইমধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংগঠনটি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু-এর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।”
মহানগর বিএনপির সভাপতি আরো জানান, মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যেই মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা একসঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মামুন।
মামুনুর রশিদের মতে, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকায় পদ না পাওয়ায় কিছু নেতা হতাশ হয়েছেন। তিনি আশাবাদী, নেতাকর্মীরা সেই সব ভুলে গিয়ে মহানগর বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে যাতে, জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করে, সেলক্ষে মহানগর বিএনপি মাঠে নেমেছে ও নানা পদক্ষেপ নিচ্ছে।
সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
