দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নির্বাচনী কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ) বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মঞ্জুরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে-ইসলামী মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জননেতা মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি তার ফেসবুক পোস্টে বলেন-শুভেচ্ছা ও অভিনন্দন মনজুরুল ভাই৷
দিনাজপুর—১ (বীরগঞ্জ – কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মনজুরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় জনাব মনজুরুল ইসলামকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ।
গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
মনজুরুল ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমরা একটা জম্পেশ নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব।
বীরগঞ্জ—কাহারোল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
জামায়াত মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান আরও বলেন জননেতা মঞ্জুরুল ইসলাম ভাইয়ের জন্য সাফল্য কামনা করছি। দেশ ও জনগণের কল্যাণে যারা মনোযোগী, তাদের জন্য সকলের প্রতি সহযোগিতা ও শুভকামনা থাকা উচিত।
উক্ত শুভেচ্ছা প্রকাশের মাধ্যমে নির্বাচনী পরিবেশে সৌহার্দ্য এবং সহমত প্রকাশ পেয়েছে, যা জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা হিসেবে পৌঁছেছে।
