আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দলের হাইকমান্ড থেকে ইতোমধ্যে কয়েকটি আসনে প্রার্থীদের নির্বাচনি গণসংযোগে নামার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসেই প্রায় ২৫০ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়ার প্রক্রিয়া চলছে। তফসিল ঘোষণার পর তাদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সূত্র জানায়, এবার প্রার্থী বাছাইয়ে ঐক্য, গ্রহণযোগ্যতা, ত্যাগ ও জনসম্পৃক্ততাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কিছু মিত্রদলের শীর্ষ আসনে কাউকে মনোনয়ন না দেওয়ার কৌশল নিচ্ছে দলটি।
দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিদিন আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডেকে নির্দেশনা দেওয়া হচ্ছে—দলীয় সিদ্ধান্ত মানা, ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচনি মাঠে সক্রিয় ভূমিকা রাখার জন্য।
বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, সাতক্ষীরা, ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় একক প্রার্থীকে হাইকমান্ড থেকে সরাসরি ফোনে জানানো হয়েছে মাঠে কাজ করার নির্দেশ। বগুড়ার সাত আসনের মধ্যে পাঁচটির প্রার্থীকে তারেক রহমান নিজে ‘সবুজ সংকেত’ দিয়েছেন।
দলের সিনিয়র নেতাদের পাশাপাশি এবার তরুণ ও নারী প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তরুণ প্রজন্ম ও নারীরা এবার বেশি গুরুত্ব পাবে।
দলীয় সূত্রে জানা গেছে, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খানসহ অন্তত ৬০টি আসনে বিএনপি তুলনামূলক নির্ভার। বাকি আসনগুলোতে যাচাই-বাচাই শেষে একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।
দলের নেতারা জানিয়েছেন, জনপ্রিয়, ক্লিন ইমেজের ও কর্মীবান্ধব নেতাদেরই এবার প্রাধান্য দেওয়া হবে—যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং তৃণমূলের আস্থা অর্জন করেছেন।
