আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনকে বিজয়ী করার লক্ষ্যে নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের দোয়ানি বাজার বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর আগে লন্ডন থেকে দেশে ফিরে আসেন খায়রুল কবির খোকন। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সি, সদস্য সচিব শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি ইউনুস মিয়া, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ গোলাম কিবরিয়া, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিটন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার শিকদার এবং মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, “খায়রুল কবির খোকন শুধু বিএনপির নয়, নরসিংদী সদর আসনের মানুষেরও আস্থার প্রতীক। তার নেতৃত্বেই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা নরসিংদীর জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
