জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের সাম্প্রতিক কর্মকান্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েটে এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া বলেন, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনকালে সর্বদা নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।
মায়া বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।
তবে তিনি জানান, তার এ সিদ্ধান্ত কারো প্রতি অভিযোগ কিংবা আঘাত করার উদ্দেশ্যে নয়। বরং তিনি নিজের বিবেক ও সততার জায়গা থেকেই সরে দাঁড়াচ্ছেন। পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকান্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে দলের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে।
পদত্যাগের কারণ প্রশ্নে মায়া বলেন, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদ বরাবর একটি অভিযোগ দিয়েছিলাম। এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো সুরাহা করেনি। তাই আমার মনে হয়েছে এখানে থেকে আমার আত্মসম্মান ও নিজের সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না।
তিনি আরও বলেন, “এনসিপি একটি একনিষ্ঠ দল। এ দলের উপর সাধারণ জনগণের অনেক আশা-আকাক্ষা জড়িয়ে আছে। আমি চাই এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।” শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার বেশ কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। আমরা অভিযোগগুলো যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা বিষয়টি কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর কেন্দ্র কী সিদ্ধান্ত নিবে সেটাতো কেন্দ্রের ব্যাপার। আমার ধারণা এজন্যই সে আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
