সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মবিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসুচী শুরু করেন । কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।
আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা চালু হয়। ফলে প্রতিদ্বন্দ্বিতায় পরীক্ষায় অংশ নিয়ে পাস মার্ক পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা। চলতি বছরের জানুয়ারীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সুযোগ বাতিল করেন। আন্দোলনকারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবি করেন। এছাড়াও ক্যাম্পাসে আবাসন সুবিধা, নিয়মিত পদোন্নতির দাবিও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, “যখন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে চাকরির কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন তারা ক্যাম্পাসে দাঁড়াতেও ভয় পেতো। সেসময় আমরাই তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছি। অথচ এখন সেই শিক্ষার্থীরাই ৫ আগস্টের পর থেকে আমাদের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এটি অত্যন্ত অমানবিক।”
এই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা চললেও বেলা ১২ টা পর্যন্ত ক্লাস ও কর্মবিরতি করেছে কর্মকতা শিক্ষকরা।
