ইউরোপা লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের (স্পেন) সান ম্যামস স্টেডিয়ামে। এই ম্যাচটি শুধুই ফাইনাল নয়, ম্যানইউর জন্য ভাগ্য নির্ধারণেরও। এই একটি ম্যাচ জিততে পারলে বদলে যাবে ম্যানইউর অনেক দৃশ্য। দলটির সাবেক কোচ রেনে মিউলেনস্টেন ফাইনালের এই ম্যাচকে বলেছেন, ‘এ এক সন্ধিক্ষণের মুহূর্ত।’

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সে ১৬তম অবস্থানে থাকা ম্যানইউ যদি এ ম্যাচ হারে, তবে তারা আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারবে না। আর জিতলে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স লিগ, যার আর্থিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড।

ফুটবল অর্থনীতিবিদ কিয়ারান ম্যাগুয়ার জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ মানেই বাড়তি টিকিট বিক্রি, সম্প্রচার অধিকার ও স্পন্সর বোনাস মিলিয়ে বিশাল আয়। ক্লাবটির তিন বছরের মোট ক্ষতি ইতোমধ্যে ৩০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। রয়েছে ১ বিলিয়নেরও বেশি ঋণ। ক্লাবটির সহমালিক জিম র‌্যাটক্লিফ স্বীকার করেছেন, ক্লাবের আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে, জরুরি ব্যবস্থা না নিলে বছর শেষেই দেউলিয়া হয়ে যেত ম্যানইউ।

ম্যানইউয়ের আয় বিশাল- ৬৫১ মিলিয়ন পাউন্ড। বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। তবু দেনায় জর্জরিত ক্লাব, গ্লেজারদের ঋণ-শৃঙ্খলে বাঁধা। ১ বিলিয়নের বেশি ঋণ। প্লেয়ার কেনা, বেতন দেওয়া- সবই চলছে ধার করে। একই সঙ্গে ফুটবলার ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রেও পথটা কঠিন। সানচো, র‌্যাশফোর্ড, অ্যান্টনির মতো উচ্চ বেতনের খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা চলছে। আর্থিক চাপে কর্মী ছাঁটাই ও টিকিটের দাম বৃদ্ধির ফলে সমর্থকদের মধ্যে ক্ষোভও বাড়ছে।

ম্যানইউর সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেন, ‘জয় মানেই নতুন যুগের সূচনা হতে পারে।’ তবে হেরে গেলে প্রশ্ন উঠবে- ম্যানইউ কি এখনো বড় ক্লাব? বিলবাওয়ে এই ফাইনাল শুধু একটি ট্রফির লড়াই নয় বরং ম্যানইউ ক্লাবের ভবিষ্যৎ দিশা নির্ধারণের এক কঠিন পরীক্ষা।