ক্লাব ক্যারিয়ারে ইউরোপের ছায়া মাড়িয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ঠিকানা বানিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে থাকলেও এখনও তাকেই অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঠ মাতাতে শুরু করেছে নতুন প্রজন্মের ফুটবলাররা। তাদের মধ্যে থেকে সেরা ফুটবলার বেছে নিয়েছেন মেসি।
মেসির মতো লা মাসিয়া একাডেমির গ্র্যাজুয়েট হিসেবে বার্সেলোনার মূল দলে যোগ দেন স্প্যানিশ বিষ্ময়বালক লামিনে ইয়ামালও। কাতালানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে তিনি ফুটবলাঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন। ক্লাবটিতে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও ভাবা হচ্ছে ইয়ামালকে। আলবিসেলেস্তে তারকাও বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে এই তরুণের নামই উল্লেখ করেছেন।
ফুটবল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে গোক ওয়েইও’র প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম আছে, যাদের সামনে পড়ে রয়েছে লম্বা সময়। যদি আমি কাউকে বেছে নিতে চাই, বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় একজনের নামই আমি শুনে আসছি, লামিনে ইয়ামাল। তার ব্যাপারে আমারও কোনো দ্বিধা নেই।
তিনি বলেন, ‘এটা (বিশ্বসেরা ফুটবলার হওয়া) তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে–ই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’ একইভাবে বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি, ‘আমি বার্সাকে লা লিগা, কোপা দেল রে, এমনকি চ্যাম্পিয়নস লিগও আবার জিততে দেখতে চাই। যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না, তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে।
প্রসঙ্গত, ইতোমধ্যে বেশ কয়েকটি ইতিহাসে তার নাম তুলেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার ইতিহাস গড়েন তিনি। ২০২৪ সালে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ পুরস্কারও জিতেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
