সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে কর্মরতদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্টদের ঘুষ দূর্নীতির কারনে অফিসে আসা সেবা গ্রহিতারা হয়রানীর স্বীকার হচ্ছেন। ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সংশোধন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমে নানা অযুহাতে সেবা প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে অর্থ। চাহিদামতো টাকা না দিলে মাসের পর মাস অফিসে ঘুরে প্রয়োজনীয় কাজ করাতে পারছেন না সাধারণ মানুষ।
অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল দীর্ঘ ছয় বছর ধরে এখানে কর্মরত থাকার সুবাধে অফিসে কর্মরতদের নিয়ে উপজেলা জুড়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমসহ ভোটার স্থানান্তর ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সম্প্রতি আসন্ন ইউনিয়ন নির্বাচনকে ঘিরে উপজেলার ৮টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত ওর্য়াডের মহিলা সদস্য প্রার্থীদের মনোনয়ন ফরম পূরনের নামে নতুন বাণিজ্যে মেতে উঠাসহ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা পকেটস্থ করার অভিযোগ পাওয়া যাচ্ছে উপজেলা নির্বাচন অফিস সংশ্লিষ্টদের বিরুদ্ধে। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ বাণিজ্যের বিষয়টি উপজেলার নির্বাচনী মাঠের আলোচনায়ও স্থান পেতে দেখা গেছে। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের বিরুদ্ধে অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করে সেবা গ্রহীতার সাথে কথা বলা ও অফিস সহকারীদের মাধ্যমে নানা অযুহাতে টাকা হাতিয়ে নেয়ার বিষয় অনেকটা ওপেন সিক্রেট।
নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী ওসমানীনগরের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার কাজ চলমান রয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী প্রায় চার শতাধিক ও ২৪টি সংরক্ষিত ওর্য়াডের মহিলা সদস্য প্রায় শতাধিক এবং চেয়াম্যান প্রার্থী রয়েছেন প্রায় অর্ধশতাধিক। প্রবাসী অধুষ্যিত ওসমানীনগর উপজেলায় মনোনয়ন ফরম ক্রয়সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নানা ভাবে হয়রানীর স্বীকার হচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে সাধারণ সদস্য পদপ্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের বিভিন্ন প্রলোভণসহ জমাকৃত মনোনয়ন বাতিল না হওয়ার শর্তে ফরম পূরণের চুক্তি করে নিচ্ছেন নির্বাচন অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরসহ অন্যান্য কর্মরতরা। এছাড়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজেই মনোনয়ন ফরম পূরণসহ নির্বাচনে নানা সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাসে চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বড় অংকের টাকা। অলিখিত চুক্তি মোতাবেক প্রার্থীর মনোনয়ন বাতিল হবে না শর্তে ৩ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম পুরণসহ সুযোগ সুবিধা আশ্বাস দিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন অফিসের টাকা আদায়ের মিশন বাস্থবায়নের কৌশলে নির্বাচন অফিসের মনোনিত প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকদের মনোনয়ন ফরম পূরণের কাজে লাগিয়েছে।
এমতা অবস্থায় বিপাকে পড়ে একাধিক ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ওর্য়াডের পদপ্রার্থীরা অনেকটা বাধ্য হয়ে নির্বাচন অফিস সংশ্লিষ্টদের দাবিকৃত টাকার বিনিময়ে মনোনয়ন ফরম পূরণ করাচ্ছেন। প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফরম পূরণ বাবত প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ নির্বাচন অফিসের মনোনিত জৈনৈক্য শিক্ষকদের প্রদান ওই শিক্ষকদের দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম পূরণ করিয়ে নিচ্ছে নির্বাচন অফিস সংশ্লিষ্টরা। এক্ষেত্রে নির্বাচন অফিস সংশ্লিষ্টদের দাবি, মনোনয়ন ফরম পূরণের জন্য আমরা কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। একাধিক শিক্ষকরা আমাদের অফিসে আসা যাওয়ার সুবাদে প্রার্থীদের ফরম পুরণে অনেকেই ব্যক্তিগত সহযোগীতা করছেন। প্রার্থীদের অনুরোধে অনেক সময় আমরা শুধু সেইসব শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি।
সংরক্ষিত ওর্য়াডের এক মহিলা সদস্য পদপ্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচন অফিস থেকে বুধবার মনোনয়ন ফরম ক্রয় করার পর নির্বাচন অফিসের সাটমূদ্রাক্ষরিক কাম কম্পিউটার মূদ্রাক্ষরিকের মনোনিত শিক্ষকের মাধ্যমে পূরন করিয়ে দিতে ৪ হাজার টাকা দাবি করেছেন। টাকা না থাকায় আমি আগামীকাল আসব বলে ফিরে এসেছি।
ভুক্তভোগী আব্দুল মসব্বির বলেন, মেয়ের জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে যাবতীয় কার্যক্রম করার পর উপজেলা নির্বাচন অফিসারের কাছে জমা দিতে গিয়ে বার বার ফিরে আসতে হয়েছে। পরে অফিসে কর্মরতদের ৪ হাজার টাকা দেয়ার পর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফিঙ্গার নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে অপর ব্যাক্তি জানান, সম্প্রতি পুলিশ বাহীনিতে কর্মরত এক ব্যাক্তি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে উপজেলা নির্বাচন অফিসে এসে নাজেহাল হয়ে শেষ পর্যন্ত দাবিকৃত টাকা দিয়েই কাজ করিয়ে নিয়েছেন। শুধু নির্বাচন কর্মকর্তা নয় অফিসে কর্মরত সকল কর্মচারীরা সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ অশালীন আচরণ করছেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল অভিযোগুলো অস্বীকার করে বলেন, জাতীয় পরিচয়পত্রের কোনো কাজে কারো কাছ থেকে টাকা নেয়া হয়না। প্রার্থীদের মনোনয়ন ফরম পূরনে আমার অফিসের কেউ জড়িত না থাকার জন্য নির্দেশ দিয়েছি। আমার অফিসের কেউ প্রার্থীদের ফরম পুরণসংক্রান্ত কাজে জড়িত নয়।
