যারা জীবনবাজি রেখে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘আঞ্চলিক মুক্তিযোদ্ধা মহাসমাবেশ’। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত মহাসমাবেশে মুক্তিযোদ্ধাদের বসার জন্য নির্ধারণ করা ছিল সাধারণ প্লাস্টিকের চেয়ার।
কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য ছিল সাদা রঙের কাপড়ের কভার লাগানো চেয়ারের ব্যবস্থা। এতে বিষয়টি সবার দৃষ্টিকটূ হয়েছে। আসন বৈষম্যের এ চিত্র নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের আসন বিন্যাসের ছবি দিয়ে অনেকে সমালোচনায় মুখর হয়েছেন। বলছেন, সম্মান দিতে এনে অসম্মান করা হয়েছে মুক্তিযোদ্ধাদের।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বিজয় পথে পথে’ কর্মসূচিতে সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে বিশাল মঞ্চে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় আঞ্চলিক মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান স্থলে আলাদা আলাদা আসন বিন্যাস করা হয়। যাদের ঘিরে অনুষ্ঠান সেই মুক্তিযোদ্ধাদের জন্য যেসব আসন নির্ধারণ করা হয় সেগুলো ছিল ডেকোরেটারর্স থেকে আনা সাধারণ মানের প্লাস্টিকের চেয়ার। অন্যদিকে, তাদের ঠিক সামনে সাদা রঙের কাপড়ে মোড়ানো চেয়ারগুলো সংরক্ষিত রাখা হয় ‘রাজনৈতিক নেতৃবৃন্দের’ জন্য। এতে অনুষ্ঠানে আসা অনেক মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন।
এ নিয়ে অনুষ্ঠান শুরুর আগে থেকেই সমালোচনা শুরু হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিষয়টিকে মুক্তিযোদ্ধাদের জন্য অপমান ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অনেকে। সিলেট জেলা বারের আইনজীবী ও মুক্তিযোদ্ধার সন্তান দেবব্রত চৌধুরী লিটন সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে ফেসবুকে পাশাপাশি দুটি ছবিসহ ‘ডেকে এনে অপমান করাটা কতটা শোভনীয়’ শিরোনামে বিশাল পোস্ট দেন।
এতে বিষয়টির সমালোচনা করে তিনি এক জায়গায় লেখেন, ‘একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রতি বছর মার্চ ও ডিসেম্বরে আমাকে যেতে হয় মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে। গতকাল ২০ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ জন্য সামনের কয়েকসারি সংরক্ষিত রাখা হয়। তাদের পেছনে রাখা হয় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা। এ নিয়ে অনেকেই বিক্ষুব্ধ হয়েছেন। আমি সেখানে উপস্থিত থাকলে এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়তোবা পারতামই না। কাউকে ডেকে এনে অপমান করা কতটা শোভনীয়? এমন প্রশ্ন রাখছি।’
নাট্যকর্মী এখলাস আহমদ তন্ময় মুক্তিযোদ্ধাদের চেয়ার ও রাজনৈতিক নেতৃবৃন্দের চেয়ারের ছবি দিয়ে ‘আমরা লজ্জিত হে বীর সেনারা’ শিরোনামে ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘এভাবেই বীর সন্তানদের সম্মান করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও ওনাদের জন্য থাকে নরমাল প্লাস্টিকের চেয়ার। আর আমলা কামলা ও রাজনীতিবিদদের জন্য রাজকীয় কাপড়ে মোড়ানো চেয়ার। দুঃখজনক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা তোতা মিয়া। তিনি বলেন, ‘প্রথমে এরকমভাবে চেয়ার রাখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর পর বিষয়টি সেভাবে থাকেনি। মুক্তিযোদ্ধাদের জন্য আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি দেখেছি। এটি প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিরোধীদের কাজ হতে পারে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর একটি সুন্দর উদ্যোগকে বিতর্কিত করতেই হয়তো এটি করা হয়েছে। কারণ সিলেটের জেলা প্রশাসককে আমি দীর্ঘদিন ধরে দেখছি। তিনি এসব বিষয়ে খুব আন্তরিক। নিশ্চয়ই চক্রান্তকারী কেউ এসব করেছে। তিনি বলেন, তরুণ প্রজন্ম এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন শুনেছি। এটা এক অর্থে ইতিবাচক। তারা মুক্তিযুদ্ধ, দেশ সম্পর্কে সচেতন। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায়ও সচেতন এটা আনন্দের বিষয়।
সূত্রঃ কালের কণ্ঠ
