সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায় মাদক মামলায় পলাতক অবস্থায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আদালতে শুনানি করবেন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানান, হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে লেডি বাইকার রিয়া রায়ের জামিন আবেদন করেছি। তার পক্ষে আমি নিজেই শুনানি করব।
জানা যায়, প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় লেডি বাইকার রিয়া রায়কে খুঁজছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) সিলেট বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আসামি করে রিয়াসহ দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ৫০০ গ্রাম মদ, ১০ পিস ইয়াবা ও দুই প্যাকেট গাঁজাসহ গ্রেফতার করার পর প্রেমিক সামী জানায় তার সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে।
পুলিশ বলছে, মামলার তদন্ত শেষ হলে জানা যাবে বিস্তারিত। রিয়া রায় নিজেকে সিলেটের ফার্স্ট লেডি বাইকার হিসেবে দাবি করেন। মাথায় হেলমেট, চোখে রঙিন চশমা পরে বিলাসবহুল মোটরসাইকেল নিয়ে সিলেট নগরীর অলিগলিসহ রাজপথে দেখা মিলত তার। এছাড়া ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে রিয়ার জনপ্রিয়তা রয়েছে। এজন্য খুব অল্প সময়ের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান রিয়া।
