মহামারি করোনাভাইরাসে রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৭১৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।
সোমবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে রোববার (২২ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৪ হাজার ৮০৪ জনের দেহে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন।
এর আগে রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জন। শনিবার (২১ আগস্ট) বিশ্বে করোনায় মারা যান ১০ হাজার ২০৫ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন এবং শুক্রবার (২০ আগস্ট) করোনায় মারা যান ১০ হাজার ৮৭৬ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৯৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৫৭ লাখ ৮৯১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৪৭ হাজার ৮৭ জন। মারা গেছেন এক লাখ ৭৬ হাজার ৪৪ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৬ লাখ ১৯ হাজার ৬১১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১৩ হাজার ৬৪০ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
