রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত রোগী আইসিইউতে মারা গেছে একজন। বাকি দুইজন করোনা ওয়ার্ডের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি আরো জানান, করোনা ওয়ার্ডে ৬৬ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ৫১ জন এবং আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে নতুন ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৩৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮৬০ জন। এদের মধ্যে ২৫ হাজার ৭২৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৭৭ জন কোভিড-১৯ রোগী।
হাসপাতালেরর পরিচালক ডা. শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তথ্য আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় বরাবর পাঠানো হয়। উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে পরে সেই তথ্য পরবর্তীতে করোনায় আক্রান্তে মৃতদের মধ্যে যুক্ত করা হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮
