হরমুজ প্রণালীতে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ২৫ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি সুপারট্যাংকারে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার ওমানের উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, ট্যাংকারটি হরমুজ প্রণালীর একটি ‘অননুমোদিত’ রুট দিয়ে চলাচল করছিল। তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ কিংবা ঠিক কী কারণে এতে আঘাত লাগে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কর্তৃপক্ষও জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। কর্তৃপক্ষের কাছে স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ৫০ মিনিটে এ ঘটনার খবর পৌঁছায়। জাহাজটির ক্রুরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তবে ট্যাংকারটির ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য পরিবেশগত প্রভাবের মাত্রা এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর ইরানের গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করে আনুষ্ঠানিক দাবি করা হয়নি। একই সঙ্গে ট্যাংকারটি কোন দেশের পতাকাবাহী বা মালিকানাধীন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সময়ে এ জলপথে একাধিক তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।