
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়েবাড়ির একটি যাত্রীবাহী গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ডাকাতদলের কবলে পড়ে গাড়িটি। ডাকাতরা রামদা, কিরিচ ও ছুরির মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে ৫টি স্মার্টফোন, মানিব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং বেশ কিছু মূল্যবান স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। এর ১৫-২০ মিনিট পর অপর এক সহযাত্রী অন্য একটি গাড়ি চালিয়ে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে যান।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, “বিয়েবাড়ির গাড়িতে লুটের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের সাথে কথা বলি। জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে সাময়িক আতঙ্ক বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
