ছাত্রলীগ সহ-সভাপতির পায়ের রগ কাটার অভিযোগ

সোমবার, ১৮ মে ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ছাত্রলীগ সহ-সভাপতির পায়ের রগ কাটার অভিযোগ
apps

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​আহত যুবকের নাম জাকারিয়া হাসান জিলহান। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বাড়বকুণ্ড ইউনিয়নের মৃত হারুনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জিলহানকে তার বাড়ি থেকে ডেকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

​সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান: ​”রাত ৯টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর ক্ষত ছিল। আঘাতের মাত্রা এত বেশি ছিল যে কিছু স্থানে সেলাই দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।”

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে জিলহানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

​এদিকে জিলহানের ওপর হামলার কারণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আত্মগোপনে থাকা স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের আরেক নেতা আবু তাহেরসহ কয়েকজনের দাবি, জিলহান সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড় কাটা, দখলদারিত্ব ও স্থানীয় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বেশ সরব ছিলেন। পাশাপাশি তিনি দলীয় কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিতেন। এসব বিষয়ে ক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ এই নৃশংস হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে পুলিশ এখনই সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করেনি।

​জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com