চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা এক গাড়ির ধাক্কায় মোঃ শাহিন আলম (১৫) নামের এক কিশোর পথচারী নিহত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ৯:২০ ঘটিকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বিএসআরএম গেট ইউটার্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম জোরারগঞ্জ থানার পূর্ব রায়পুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সোনাপাহাড় এলাকায় জোরারগঞ্জ হাইওয়ে থানার একটি টিম টহল ডিউটিতে ছিল। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামকে বিষয়টি অবগতি করা হলে তাঁর নির্দেশনায় এএসআই মাইকেল দাস সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে মহাসড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত মস্তানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Development by: webnewsdesign.com