মিয়ানমারে পাচারের সময় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, ট্রলারসহ আটক ৩৩

রবিবার, ১৭ মে ২০২৬ | ২:২৮ অপরাহ্ণ

মিয়ানমারে পাচারের সময় ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, ট্রলারসহ আটক ৩৩
apps

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

​শনিবার (১৬ মে) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় নৌ-বাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

​আজ রোববার (১৭ মে) দুপুরে শাহপরীর দ্বীপ জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাবির আলম সুমন।

​জব্দকৃত মালামাল: ২,৪০০ বস্তা সিমেন্ট (আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা)।

​আটক: ৩৩ জন পাচারকারী ও ৩টি মাছ ধরার ট্রলার।

​অভিযান পরিচালনাকারী: নৌ-বাহিনী ও কোস্টগার্ড।

​সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন সমুদ্র এলাকায় সন্দেহভাজন তিনটি ট্রলারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রলারগুলো থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলারে থাকা ৩৩ জনকে আটক এবং ট্রলার তিনটি জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাবির আলম সুমন বলেন, “আটকরা স্বীকার করেছে যে তারা মাছ ধরার ট্রলারের আড়ালে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে এই সিমেন্ট বোঝাই করেছিল। এরপর সমুদ্রপথে মিয়ানমারের একটি নির্দিষ্ট গন্তব্যে তা সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়।”

​কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট ও ট্রলারসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও সমুদ্রপথে যেকোনো ধরনের পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com