
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগির পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র। বৃহস্পতিবার (২৩ জুলাই) সূত্রটি এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নতুন রাষ্ট্রপতি নিয়োগে দেরি হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
সরকারের ওই সূত্রের দাবি, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্রটি আরও জানায়, সাধারণত ক্ষমতাসীন দলের আস্থাভাজন ব্যক্তিরাই রাষ্ট্রপতি পদে নিয়োগ পেয়ে থাকেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।
বঙ্গভবনকেন্দ্রিক একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার অধস্তন কর্মকর্তাদের শিগগির বঙ্গভবন ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।
তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।
