
রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ পরিদর্শনে অংশ নেন।
এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সেদিন আদালতে আবেদনের সময় চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের এসব বন্দিশালায় আটক রেখে নির্যাতন ও গুমের ঘটনা ঘটেছে। ওই অভিযোগের প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।
