
মৌলভীবাজারের কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সঞ্জয় রেলী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সঞ্জয় কুরমা চা বাগানের কালিটিলা বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে। রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে আদমপুর আসার পথে গুলের হাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু সঞ্জয় রেলী ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
