
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভা শুরু হয়।
সভায় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে চারটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি। প্রকল্পগুলোর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত। এছাড়া ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প এবং শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন ও একটি সংশোধিত রয়েছে।
সভায় আলোচনার জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প; বৃহত্তর দিনাজপুর জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প; পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রকল্পের প্রথম সংশোধনী; দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী; ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী; বেগমগঞ্জ-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প; সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী; এবং মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।
এদিকে, সভায় আরও ১১টি প্রকল্প একনেক সদস্যদের অবহিতকরণের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, সড়ক ও মহাসড়ক উন্নয়নসংক্রান্ত তিনটি প্রকল্প, বিদ্যুৎ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প।
একনেক সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।
