গ্রামবাসীকে রক্ষায় এমপি শেখ আবদুল্লাহর আশ্বাস

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সোমবার, ০২ মার্চ ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ
apps

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘ফিল্মি স্টাইলে’ কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় সিনেমা কেজিএফ–এর আদলে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত দুই বছরে কয়েক শ কোটি টাকার মাটি কেটে বিক্রি করেছে একাধিক চক্র।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আবদুল্লাহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ভুক্তভোগীদের আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর নির্দেশনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম–এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান–এর তত্ত্বাবধানে সোমবার সকালে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুমন সরকার (৪৫), সুপন সরকার (৩৫), মনা (৪৮) ও রাজন (২৫)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী সীমা বেগম বলেন, পৈতৃক সম্পত্তির ৭১ শতাংশ কৃষিজমির নামজারি ভুলবশত অন্যের নামে রেকর্ড হয়েছিল। পরে আদালতের রায়ে তিনি মালিকানা ফিরে পান। প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও মামলাটি এখনো বিচারাধীন। তাঁর অভিযোগ, মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় প্রতিপক্ষ রাতের আঁধারে জমির মাটি কেটে বিক্রি করে দেয়। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

সীমা বেগমের দাবি, প্রায় ৮০ লাখ টাকার মাটি কেটে নিয়ে পুকুর তৈরি করা হয়েছে। এলাকার লোকজন ভয়ভীতির কারণে মুখ খুলতে সাহস পান না। তবে সাম্প্রতিক পদক্ষেপে তাঁরা আশাবাদী হয়ে উঠেছেন।

গত বৃহস্পতিবার ও শুক্রবার সংসদ সদস্য শেখ আবদুল্লাহ সিরাজদিখানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এরপর থেকে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসিল্যান্ড কার্যালয়ের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

সংসদ সদস্য শেখ আবদুল্লাহ বলেন, “অপরাধী যে দলেরই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কোনো ছাড় নেই।” তিনি গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রাতে কেউ মাটি কাটতে এলে স্থানীয়ভাবে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে এবং প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাতে। তাঁর ভাষ্য, “আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।”

Development by: webnewsdesign.com