চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চিত্রা হরিণ প্রকাশ্যে জবাই করার লোমহর্ষক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণী নিধনের এমন নৃশংসতায় পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত ১১ এপ্রিল বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় ঘটনাটি ঘটে। কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে একটি হরিণকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করছেন কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণটি সম্ভবত দলছুট হয়ে উপকূলীয় বন থেকে লোকালয়ের কাছাকাছি চলে এসেছিল। এই সুযোগে অসাধু চক্র বন্যপ্রাণীটিকে শিকার করে প্রকাশ্যে জবাই করে।
এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে আসার পরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা স্থানীয় একটি খামারে কাজ করেন বলে জানতে পেরেছি। জড়িতদের গ্রেফতারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান চলমান রয়েছে।”
এদিকে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, উপকূলীয় অঞ্চলে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে আসায় এমন ঘটনা প্রায়ই ঘটছে। তাই বন বিভাগের টহল জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে একসময় ব্যাপক বনভূমি থাকলেও শিল্পায়ন ও বন উজাড়ের কারণে বন্যপ্রাণীদের নিরাপদ বিচরণক্ষেত্র দিন দিন সংকুচিত হয়ে আসছে।
Development by: webnewsdesign.com