চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও স্মার্টফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃত যাত্রীরা হলেন—মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (BG-128) আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন।
বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ওই ফ্লাইটের যাত্রীরা কাস্টমস হলে পৌঁছালে এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
এ সময় তাদের ব্যাগেজ তল্লাশি করে ৬৩০ কার্টন সিগারেট এবং ৫টি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ৫টি ফোনের মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের মোট দাম ৬০ হাজার টাকা।
এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত পণ্যগুলো সরকারি নিয়ম অনুযায়ী কাস্টমস হাউসের হেফাজতে জমা রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা থেকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ নজরদারি অব্যাহত রয়েছে।
Development by: webnewsdesign.com