
নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২০ ডিসেম্বর) সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। এ দিনটি মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত বেদনার দিন।
সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরণে নিহত ২৪ মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিসৌধে এক মিনিট নিরবতা পালন শেষে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।
এছাড়া শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এ দিনে (২০ ডিসেম্বর) মুক্তিযোদ্ধারা বাড়ি ফেরার উদ্দেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। ওই সময় পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয়ের পুরো মাঠ। এ মাইন বিস্ফোরণে ২৪ মুক্তিযোদ্ধা প্রাণ হারান।
এরপর থেকে দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন মৌলভীবাজারবাসী।
