
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন।
পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
এতে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
২০১২ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়।
এবার দ্বিতীয় ইউনিটে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো।
সংশ্লিষ্টদের দাবি, নতুন ইউনিট চালুর ফলে দেশে বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসার পরিধি আরও বিস্তৃত হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।
