
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ সাইম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর মরাগাং বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সাইম নতুন বাস্তপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাচাদের সঙ্গে শামরার মাঠে মাছ ধরতে যায় সাইম। দুপুরের দিকে কাদিপুর মরাগাং বিলে নামার পর অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। পরে স্বজন ও স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিল থেকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
