সরকার প্রকল্প বাস্তবায়নে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এখানে দুর্নীতির কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের নীতি-নির্ধারকগণ। সোমবার মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ বামসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, “জনগণের আমানত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি উন্নয়ন প্রকল্প যেন মানসম্মত এবং দুর্নীতিমুক্ত হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে খাল ও জলাশয় রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”
খাল দখলদারদের সতর্ক করে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেন, “খাল দখলে যত বড়ই শক্তিশালী দখলদার হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। জনস্বার্থে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।”
সংসদ সদস্য নুরুল আমিন বলেন, বামসুন্দর খাল পুনঃখননের ফলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কাজে ব্যাপক সুবিধা হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে সরকারের চলমান মেগা প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
Development by: webnewsdesign.com