জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উত্তর কাট্টলী এলাকায় মনজুর আলমের ব্যক্তিগত বাসভবনে এই সাক্ষাৎটি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে অবস্থানকালে সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে তার বাসায় যান। এ সময় দুই নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়। তিনি জানান, “হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে এসে সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগামী দিনের রাজনীতি যে পারস্পরিক সৌহার্দ্য ও জনবান্ধব হবে, এই বৈঠক তারই ইঙ্গিত বহন করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনীতির অঙ্গনে ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। এদিকে, সাক্ষাতের সময় বাসার বাইরে স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক ছিল।
Development by: webnewsdesign.com