ঢাকা
০১ জুলাই ২০২৬

চট্টগ্রাম সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   ১৩৬ বার পঠিত
চট্টগ্রাম সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ফকিরহাট ইকোপার্ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী ফারুক পলাতক রয়েছেন।

​নিহত জেরিন একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে এবং সরকারি পুনর্বাসন এলাকার বাসিন্দা ফারুকের স্ত্রী। তাদের তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। নিহতের বাবা আবুল কালামের অভিযোগ, বিয়ের পর থেকেই ফারুক মাদকাসক্ত হয়ে প্রায়ই জেরিনের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। সোমবার গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

​আবুল কালামের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, “ফারুক নেশাগ্রস্ত অবস্থায় আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে। তিন মাসের বাচ্চার মুখের দিকে চেয়ে জেরিন সব মুখ বুজে সহ্য করত। যৌতুকের জন্যও তাকে অনেক মারধর করা হয়েছে। মেয়ের সংসার বাঁচাতে আমি আগে কয়েকবার টাকাও দিয়েছি।” প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও জানান, সোমবার রাতেও ফারুক জেরিনকে মারধর করেছিলেন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

​সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, “গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে।”

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa