
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবন ও অনলাইন জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে ৬ জন এবং মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অপরাধে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. আবদুল কাদের (৪২), মো. আজিজ (২০) ও মো. ছাবের আহমেদ (৩৪)— প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড।
মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪) ও মো. আলাউদ্দিন (৪৫)— প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড।
অনলাইন জুয়া খেলার দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. দিদারুল আলম (২২)— ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
আজগর হোসেন (৩২)— ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদ (৪২)— প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড।
অভিযান পরিচালনাকারী বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন গণমাধ্যমকে জানান, ‘উপজেলাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করতে আমাদের এই নিয়মিত অভিযান চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযুক্তদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
