চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যবসায়ীর বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া কর্মচারী মো. আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা এবং লুণ্ঠিত টাকায় কেনা দামী একটি স্মার্টফোন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর চাক্তাই এলাকার মুদি ব্যবসায়ী মো. মোর্শেদের দোকানে কর্মরত ছিলেন মো. আলী। গত ২৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোর্শেদ তাকে ২৪ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে কৃষি ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আলী টাকাগুলো তুলে নির্দিষ্ট ব্যাংকে জমা না দিয়ে কৌশলে আত্মগোপন করেন। দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে এবং টাকা জমা না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবসায়ী মোর্শেদ বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকেই পলাতক আলীকে ধরতে অভিযানে নামে বাকলিয়া থানা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিবাবাড়ি এলাকার ‘মোল্লা টুকু মিয়ার বাড়িতে’ অবস্থান করছেন। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গ্রেপ্তারের সময় আলীর কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বাকি টাকা দিয়ে কেনা দেড় লাখ টাকা মূল্যের একটি আইফোনও জব্দ করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, লুণ্ঠিত টাকার বড় একটি অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।