আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ১১:২১ পূর্বাহ্ণ

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত
apps

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকার ইউপি সদস্য মকিবুল হাসান জানান, গভীররাতে বাজারের চা ব্যবসায়ী আবুলের দোকানঘর থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত বাজারের আশেপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা দেখে দিগবিদিক হারিয়ে ফেলে লোকজন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাজারের সকল ব্যবসায়ীরা।

তারা বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন তারা। অবশেষে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু ততক্ষণে বাজারের চা ব্যবসায়ী আবুলের দোকানঘর, জাহিদের মুদি দোকান, ইছানুর ও দাউদ দফাদারের ভ্যান-সাইকেল মেরামতের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর শেখ বার্তা বাজারকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

Development by: webnewsdesign.com