ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

অ্যান্ডারসন মাঠের বাইরে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩১০ বার পঠিত
অ্যান্ডারসন মাঠের বাইরে

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে চোট আর অসুস্থতা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। ‘অভিশপ্ত’ এই সফরে এবার চোটাক্রান্ত হলেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। চার ম্যাচের সিরিজের বাকি দুটিতে খেলতে পারবেন না ইংল্যান্ডের শীর্ষ টেস্ট বোলার।

গত আগস্টের অ্যাশেজে মাত্র চার ওভার বল করে পায়ের চোটে ছিটকে যান অ্যান্ডারসন। সুস্থ হয়ে ফেরার পর মাত্র দুটি টেস্ট খেলে আবারও মাঠের বাইরে। কেপটাউন টেস্টে ইংল্যান্ডের ১৮৯ রানে জয়ের পথে শেষ দিন পাঁজরে ব্যথা পান। তারপরও বল করেছেন, কিন্তু জানতেন না নিজেকে কতটা ঝুঁকির মধ্যে ফেলছেন!

নিউল্যান্ডসে ম্যাচ শেষ হওয়ার পরদিন গতকাল বুধবার কেপটাউনে এমআরআই স্ক্যান করান অ্যান্ডারসন। এদিন এক বিবৃতি দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড সিমার জেমস অ্যান্ডারসন।’
এ ধরনের চোট সারতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ লাগে। শিগগিরই ইংল্যান্ডে ফিরে যাবেন ৩৭ বছর বয়সী পেসার। তার বিকল্প হিসেবে দলে আছেন সমারসেট সিমার ক্রেইগ ওভারটন। অ্যান্ডারসন তার টুইটারে লিখেছেন, ‘পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় সিরিজের বাকি সময়টা খুব মিস করবো। আশা করি কয়েক সপ্তাহের মধ্যে সেরে উঠবো। দূর থেকে ছেলেদের সমর্থন দিয়ে যাবো।’

এক ইনিংসে ৫টিসহ কেপটাউন টেস্টে ৭ উইকেট নেওয়া অ্যান্ডারসনকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। এর আগে সিরিজের শুরু থেকে দুঃসহ পরিস্থিতির শিকার হয় তারা। ১০ খেলোয়াড় ও একাধিক সাপোর্ট স্টাফ ফ্লুতে আক্রান্ত হন। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার ঠিক আগে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান ওপেনার ররি বার্নস। ইংল্যান্ডে ফিরে গেছেন অস্ত্রোপচার করাতে। কনুইয়ে চোট পেয়ে সর্বশেষ টেস্ট খেলা হয়নি পেসার জোফরা আর্চারের। এত সব ঘটনার পর এই সফরকে ‘অভিশপ্ত’ আখ্যা দেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। খেলা দেখতে এসে স্ট্রোক করে এখন জোহানেসবার্গের হাসপাতালে শয্যাশায়ী তার বাবা। পোর্ট এলিজাবেথে ১৬ জানুয়ারি তৃতীয় টেস্টটা ভালোই ভালোই শুরু হলেই হয়!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us