দেশব্যাপী প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে সরকার বাজার পাপিয়া ডিপার্টমেন্টাল স্টোরের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে “ধর্ষণমুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই”এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানী ও পশুরমতো মানুষ হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে।
শিক্ষার্থীদের সাথে মানববন্ধন কর্মসূচীতে যোগ দেয় সোনার বাংলা আর্দশ ক্লাব সরকার বাজার, নূরে মোহাম্মদী ফাউন্ডেশন সরাবপুর, ঐক্যের বাঁধন সামাজিক সংগঠন, শাহজালাল ট্রাস্ট, বন্ধু মহল ছাত্র সংগঠন, স্বপ্ন ছায়া মানব কল্যান পরিষদ নামে স্থানীয় সামাজিক সংগঠন। মানববন্ধনে স্থানীয় ছাত্র সমাজসহ এলাকার সকল শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে মানববন্ধনসহ বিক্ষোভ করে মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হত্যা, নিয়মিত গণধর্ষণ ও ধর্ষণের ঘটনায় আমরা এখন আতঙ্কিত। আমরা চাই অবিলম্বে সারাদেশে ঘটে যাওয়া গণধর্ষণ, ধর্ষণ, শিশু ধর্ষণ, ছাত্রী ধর্ষণ, নারী নির্যাতনসহ পশুরমতো মানুষ হত্যার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার হোক। তা না হলে দেশে খুন ও ধর্ষণ মহামারী আকার ধারণ করবে।
